শেখ হাসিনাকে দেশে ফেরাতে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ এবং রাজধানীতে বড় ধরনের মিছিল-শোডাউনের পরিকল্পনা থেকে মিছিল করার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাজধানীর ধানম-ি ও শেরেবাংলা নগর এলাকা থেকে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি ধানম-ি ও শেরেবাংলা নগর থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন পাকা রাস্তার ওপর এবং জুমার নামাজের পর ২টার দিকে ধানম-ি ৩২-এর আশপাশ এলাকা থেকে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ সভাপতির নেতৃত্বে একদল নেতাকর্মী আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে মিছিল করার জন্য জড়ো হয়। এ সময় শেরেবাংলা নগর থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্র, ছাত্রলীগের কর্মী আয়াতুল হক, সিয়াম, মেহেদী হাসান মিয়াদ খান, তারেক রহমান ও সেলিম প্রধান শ্রাবণ।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর ধানম-ি ৩২-এর আশপাশ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য ঝটিকা মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মুরাদসহ ২৬ জনকে গ্রেপ্তার করে ধানম-ি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মো. মুরাদ, কর্মী আব্দুল হান্নান বিশ্বাস, মোস্তাক বিশ্বাস, মো. রনি, মো. জনি, মুরাদ লস্কর, সিয়াম হোসেন, তারিক জামিল, মো. রাজু, বিল্লাল বখতিয়ার, চয়ন বিশ্বাস, অমিত চক্রবর্তী, তানজিল বিন রশিদ, নিহাদুল ইসলাম, সুপ্ত ঘোষ, সজীব সাহা, কুতুব হিলালী, শিমুল, সোহান আহমেদ, তামিম মোল্লা, শিমুল ব্যাপারী, আব্দুর রহিম, মির্জা ফারহান আনন্দ, নাইমুর রহমান সোহাগ, সোহরাব খাঁ ও জাহিদ থান।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিধ সংগঠনের গ্রেপ্তার নেতাকর্মীদের নামে পৃথক থানায় মামলা করা হবে।