আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ১২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
গতকাল শুক্রবার বিকেলে গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দেশ রূপান্তরকে এ তথ্য জানান। তিনি জানান, গতকাল বিকেলে বাসায় আসর নামাজ পড়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়ররা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনের নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুর সিটি করপোরেশনের মো. শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মো. সাখাওয়াত হোসেন খান, সিলেট সিটি করপোরেশনের আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মাহফুজুর রহমান, বরিশাল সিটি করপোরেশনের বিলকিস আক্তার জাহান শিরিন, রংপুর সিটি করপোরেশনের মাহফুজ উন নবী চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনের মো. রুকুনুজ্জামান রোকন ও কুমিল্লা সিটি করপোরেশনের মো. ইউসুফ মোল্লা।
এর আগে চলতি বছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতারকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।