রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা বলেছে, নারী-শিশুর প্রতি এমন সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত না হওয়াটা এ ধরনের অপরাধকে ভয়ংকর পর্যায়ে নিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক সভায় তারা এই প্রতিবাদ জানান। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সভায় আলোচনার বিষয় জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত চার মাসে দেশের বিভিন্ন স্থানে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ও ১৭ জন খুনের ঘটনায় সভায় গভীর উদ্বেগ জানানো হয়। সভায় বলা হয়, দেশব্যাপী নারী ও শিশুদের প্রতি এমন সহিংসতা বৃদ্ধি সামাজিক অস্থিরতা, সংবেদনহীনতা ও নিষ্ঠুরতার প্রকাশ। জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত না হওয়ার পাশাপাশি এসব ঘটনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন-সামাজিক সচেতনতা তৈরির ঘাটতি এ ধরনের অপরাধকে ভয়ংকর পর্যায়ে নিয়ে যাচ্ছে। তবে এরপরও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
অধিকার কমিটির সভায় বক্তারা মাদ্রাসায় ছেলে ও মেয়েশিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা বন্ধে ধর্মীয় নেতাদের প্রতিবাদী, কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।
সভায় রাজধানীর শাহ আলী মাজারে হামলা-ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করারও দাবি জানান অধিকার কমিটির সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও বিনা বিচারে ৭০০ দিনের বেশি সময় ধরে আটক বম সম্প্রদায়ের মানুষের মুক্তি দাবি করা হয়। পাশাপাশি আরাকান আর্মির হাতে আটক জেলেদের মুক্তির ব্যবস্থা করতেও সরকারের প্রতি আহ্বান জানায় অধিকার কমিটি।
অধিকার কমিটির এই সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। কমিটির সদস্য হারুন উর রশীদ, মোশাহিদা সুলতানা, আকরাম খান, জয়দীপ ভট্টাচার্য, শহীদুল ইসলাম, মাহতাব উদ্দীন আহমেদ, নাজমুস সাকিব, একরাম হোসেন, বাকী বিল্লাহ, অনুপ কুমার কুন্ডু, রাফিকুজ্জামান ফরিদ, ছায়েদুল হক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।