মুন্সীগঞ্জের সিরাজদীখানে দাদা-দাদির পাশে চিরঘুমে শায়িত রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের কবর জিয়ারত করেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসী। কবরের পাশে দঁাঁড়িয়ে অঝোরে কাঁদেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এ সময় চোখের জল ধরে রাখতে পারেননি সংসদ সদস্য ও গ্রামবাসীও। সেখানে হৃদয়বিদারক দৃশ্য ও আবেগঘন পরিবেশের অবতারণা হয়।
গত বুধবার রাতে সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের পারিবারিক কবরস্থানে দাদা হেলালউদ্দিন মোল্লা ও দাদি আনোয়ারা বেগমের কবরের পাশে সমাহিত করা হয় রামিসাকে।
গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মেয়ের কবর জিয়ারতে আসেন হান্নান মোল্লা। উপস্থিত হন মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, বিএনপির স্থানীয় নেতারা ও শোকে কাতর মধ্যম শিয়ালদী গ্রামের নানা বয়সের মানুষ। কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রিয় সন্তান হারানো হান্নান মোল্লা।
শেখ মো. আব্দুল্লাহ রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানান ও ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ দলীয় নেতাকর্মীরা।