কুড়িগ্রামে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ধরলা ব্রিজ পূর্বপাড়ের আরাজি মৌজায় বিশ্ববিদ্যালয় করা হলে শত শত বসতবাড়ি, হাজার হাজার মানুষের আবাসন ও বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ধরলা ব্রিজ পূর্বপাড় এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের দুপাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন এলাকার সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, শত বছরের পুরনো বসতি ও কৃষকদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ফসলি জমি ধ্বংস করে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কুড়িগ্রামে না করে এমন স্থানে করা হোক, যেখানে অনাবাদি ও পতিত জমি রয়েছে এবং সাধারণ মানুষ উচ্ছেদের শিকার হবে না।