রাজধানীর নবাবগঞ্জ দাউদপুর বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রকি সাহা (৩২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বাজারের ‘রকি স্টোর’ দোকানের আড়ার সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, রকি সাহা পার্শ্ববর্তী দোহার উপজেলার রায়পাড়া গ্রামের মৃত নিরঞ্জন সাহার ছেলে। তিনি দাউদপুর বাজারে ব্যবসার পাশাপাশি ওই দোকানে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি রকির দোকানে কিছু কলা রেখেছিলেন। সকালে তিনি সেই কলা নিতে এসে দোকান ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও রকির সাড়া না পেয়ে তার সন্দেহ হয়। বিষয়টি জানতে পেরে বাজারের লোকজন ও বাজার কমিটির সদস্যরা জড়ো হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দোকানের সামনের অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রকিকে দোকানের আড়ার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়।
জহিরুল ইসলাম জানান, রকির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জহিরুল বলেন, রকি প্রথমে কয়েক বছর দাউদপুরে অন্যের দোকানে কাজ শিখেছেন। এরপর নিজেই ব্যবসাপ্রতিষ্ঠান দেন। বিষয়টি তদন্ত চলচ্ছে।