৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এছাড়া এসব ঘটনায় অনেকজন আহত হন। শনিবার (২৩ মে) সকালে থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। দেশ রূপান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের ওপরে এই দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বাসটি খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হন।

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনাজপুরগামী একটি ট্রাক রানীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক অপর একজনকে মৃত ঘোষণা করেন।

যশোর: যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া তেলপাম্পের সামনে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইকের চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) ও আনোর আলী (৭০)। এর মধ্যে আইয়ুব আলী ও বৃষ্টি সাহা ঘটনাস্থলেই মারা যান। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার আলী।

জয়পুরহাট: জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।