এলজিইডির ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি

স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের গত ১৭ বছরের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের অনুসন্ধানী কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মকাণ্ড পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত ১২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। অফিস আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে। কমিটির সদস্যরা হলেন স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ, সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম, পাস-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা, প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার এবং উন্নয়ন-২ শাখার সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম। কমিটির সদস্য সচিব করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-১ অধিশাখার যুগ্ম সচিব মো. সামছুল ইসলামকে।

অফিস আদেশে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে কমিটি  আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করবে। প্রতিবেদন প্রস্তুতের জন্য কমিটি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করবে। প্রয়োজন হলে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।