বিএসটিআইয়ের অভিযান

লা-অর্গানিককে জরিমানা প্রকৃতি ফুড সিলগালা

লাইসেন্স গ্রহণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লা-অর্গানিককে জরিমানা এবং প্রকৃতি ফুডকে সিলগালা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

গতকাল শনিবার রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযানকালে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

‘লা-অর্গানিক’ নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়। অপরদিকে, রামপুরা বাজার এলাকায় ‘প্রকৃতি ফুড’ নামের প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ‘সেরেলাক্স’ পণ্য বিপণন করার অপরাধে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং অবৈধ উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি