ফারাক্কা লংমার্চের ৫০ বছর

পানির হিস্যা আদায়ে কূটনৈতিক তৎপরতার জোরালো দাবি

নদীর নাব্যতা হারানো, উত্তরাঞ্চলে কৃষি, সেচ ও পরিবেশের হুমকির মতো বিপর্যয় ঠেকাতে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর’ উপলক্ষে ন্যায্য পানির হিস্যা ও সম্মানজনক সহাবস্থানের দাবিতে ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা। তিনি বলেন, ‘১৯৯৬ সালে গঙ্গা চুক্তি হলেও বাংলাদেশ এখনো পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী অবিলম্বে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। একটি ‘কার্যকর ও পরিবেশসম্মত’ পানি চুক্তি করতে হবে।’

আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রমুখ।