পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে ৪ নিহত এবং ২০ জন আহত হন। দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হন। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট।

কুষ্টিয়া :  কুষ্টিয়ার খোকসায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা পৌনে ১২টায় কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুটিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলতাফ হোসেন জানান, ‘আহতদের মধ্যে আরও অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।’ 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী বিসমিল্লাহ পরিবহন (ঢাকা: মে. ব-১৩-০০৯৩) নামের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে রাজবাড়ীগামী একটি বালুভর্তি ট্রাক (বগুড়া ড-১১-২৭০২) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এ সময় বাসযাত্রীরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, ‘দুপুরে বাস দুর্ঘটনায় আহত হয়ে ১৩ জন রোগী জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে ২ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুজন প্রাথমিক চিকিৎসা নেন এবং বাকি ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন’। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হাসান জানান, ‘শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৯ রোগীকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে এক তরুণী ও মধ্যবয়সী দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক এবং ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতরা হলেন উপজেলার নুরপুর গ্রামের আব্দুল মোশারফের ছেলে আলামিন, মোখলেসপুর গ্রামের সালিম উদ্দিনের ছেলে সৈকত ও আফসারাবাদ কলোনির শমসের উদ্দিনের ছেলে কাইয়ুম।

পটিয়া : চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী হানিফ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে পটিয়া উপজেলার কমল মুন্সিহাট এলাকার আনসার ক্যাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার বাসিন্দা শাহাদাত হোসেন সামী ও ওয়ালীদ আল তাসনিম। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, বাস এবং মোটরসাইকেল আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিবালয় : মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় পান্নু (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃত পান্নু পাশর্^বর্তী দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামের মৃত শুকুর আলী ছেলে। বরংগাইল থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।