বঙ্গোপসাগরের ২৬ ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। গতকাল শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
পেট্রোবাংলা বিজ্ঞপ্তিতে জানিয়েছে গভীর সমুদ্রে ১৫টি এবং অগভীর সমুদ্রে ১১টি ব্লকের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
পেট্রোবাংলার পরিচালক পিএসসি প্রকৌশলী মো. শোয়েব জানান, দেশের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি বহুজাতিক কোম্পানির ইমেলে দরপত্র পাঠানো হবে। অন্যবারের মতো এবার বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা হবে না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগভীর সমুদ্রে ব্লক নম্বর ১ থেকে ১১ এবং গভীর সমুদ্রে ব্লক ৮ থেকে ২২ ব্লকগুলোয় দরপত্র ডাকা হয়েছে। দরদাতা প্রতিষ্ঠান এককভাবে অথবা যৌথভাবে এক বা একাধিক ব্লকের জন্য দরপত্র জমা দিতে পারবে। সফল দরদাতাদের সঙ্গে বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট ২০২৬ অনুযায়ী চুক্তি সই করা হবে। একটি টেন্ডার সিডিউল কিনে একাধিক ব্লকে দরপত্র জমা দেওয়া যাবে। তবে প্রতিটি অগভীর সমুদ্র ব্লক এবং প্রতিটি গভীর সমুদ্র ব্লকের জন্য আলাদা আবেদন জমা দিতে হবে। তবে দুটি সংলগ্ন গভীর সমুদ্র ব্লকের জন্য একটি একক চুক্তির আওতায় আবেদন করা যাবে।
আরও বলা হয়, সাগরে তেল গ্যাস পাওয়া গেলে তা থেকে প্রাপ্ত মুনাফা সম্পূর্ণভাবে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এই চুক্তিতে কোনো সিগনেচার বোনাস বা রয়্যালটি থাকবে না। আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুড তেলের দামের সঙ্গে সংযুক্ত আকর্ষণীয় গ্যাস মূল্য নির্ধারণ ব্যবস্থা থাকবে; যেখানে গত পাঁচ বছরের সর্বনিম্ন ও সর্বোচ্চ গড় ব্রেন্ট দামের ভিত্তিতে ফ্লোর ও সিলিং নির্ধারণ করা হবে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রচলিত ন্যায্য বাজারমূল্যের ভিত্তিতে তেলের দাম নির্ধারিত হবে। অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদন পর্যায়ে পেট্রোলিয়াম কার্যক্রমের জন্য আমদানিকৃত যন্ত্রপাতি ও মেশিনারির ওপর শুল্ক অব্যাহতি থাকবে। কন্ট্রাক্টরের করপোরেট আয়কর পেট্রোবাংলা বহন করবে।