গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শেরপুর শহরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। শনিবার (২৩ মে) রাত ৯টায় অভিযুক্ত যুবক ও সাবেক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভও করেছেন এলাকাবাসী।

আটক অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে নিয়ে এনামুলের বাসায় ভাড়া থাকতেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে জানা যায়, শনিবার দুপুরে গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে পুলিশে দেয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, শনিবার রাতে জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে আজ রবিবার (২৪ মে) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত এনামুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে ।