প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে  প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. নাজেম মৃধা (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ মে) বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার উপজেলার পায়রা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় প্রতিবন্ধী তরুণী ঝর্না আক্তারকে (২৭) ধর্ষণ করা হয়। ঘটনার সময় এক জেলে মোবাইল ফোনে কিছু ছবি ও ভিডিও ধারণ করেন, যা পরে ঘটনার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সামনে আসে।
 
এ ঘটনায় চরখালী গ্রামের নবাব আলী মৃধার ছেলে নাজেম মৃধার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বোনের বাড়ির সামনে থেকে অভিযুক্ত নাজেম মৃধাকে গ্রেপ্তার করা হয়।
 
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।