গাজায় ইসরায়েলি হামলায় মা-বাবাসহ নিহত ৬ মাসের শিশু

গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশুও রয়েছে বলে রবিবার (২৪ মে) জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। 

চিকিৎসকদের বরাতে জানা গেছে, হামলায় নিহতরা হলেন শিশুটির বাবা মোহাম্মদ আবু মাল্লুহ, মা আলা জাকলান এবং তাদের ছয় মাস বয়সী সন্তান ওসামা।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি এখনো গাজায় হামলা পুরোপুরি বন্ধ করতে পারেনি। নিরস্ত্রীকরণ ইস্যুতে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা অচলাবস্থায় রয়েছে।

যুদ্ধবিরতির পরও গাজার অর্ধেকের বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে উপকূলঘেঁষা ছোট একটি অংশ নিয়ন্ত্রণ করছে হামাস।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৮৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এই সংখ্যায় যোদ্ধা ও বেসামরিক নাগরিক আলাদা করে উল্লেখ করা হয়নি।

একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। যদিও হামাস তাদের যোদ্ধাদের হতাহতের আলাদা কোনো তথ্য প্রকাশ করেনি।

ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতির পরও তাদের চালানো হামলাগুলো সম্ভাব্য আক্রমণ ঠেকানো এবং হামাস নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় লোকজনের চলাচল রোধের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।