রিলস, লেফট সোয়াইপ-রাইট সোয়াইপের যুগে মনোযোগ ধরে রাখতে না পারার অসুখে ভুগছেন কমবেশি সবাই। খুব সহজে ছোট্ট একটি অনুশীলনের মাধ্যমে বাড়াতে পারেন আপনার মনোযোগ। ২ মিনিট মনোযোগ নামের এই অনুশীলনের উদ্ভাবক বিশিষ্ট সাধক ‘মৌনী সাধু’। এই অনুশীলনের পাঁচটি ধাপ রয়েছে।
প্রথম ধাপ : বড় সেকেন্ডের কাঁটা আছে এমন একটি দেয়াল বা টেবিল ঘড়ির সামনে বসুন। টেবিল বা দেয়াল ঘড়ির অভাবে বড় সেকেন্ডের কাঁটাযুক্ত হাতঘড়ি দিয়েও এই অনুশীলনটি করা সম্ভব।
দ্বিতীয় ধাপ : শরীর শিথিল হতে কয়েক মুহূর্ত সময় নিন। সবকিছু থেকে মনোযোগ ফিরিয়ে একাগ্র হন। মানসিক প্রস্তুতি শেষ করার পর সেকেন্ডের কাঁটার গতির ওপর আপনার মনোযোগ নিবদ্ধ করুন।
তৃতীয় ধাপ : মাত্র দুই মিনিটের জন্য আপনার সচেতনতাকে সীমিত রাখুন সেকেন্ডের কাঁটার গতির ওপর। সেকেন্ডের কাঁটা ছাড়া অন্য কিছু ভাববেন না।
চতুর্থ ধাপ : অন্য কোনো চিন্তা ঢুকে যদি মনোযোগের সুতা ছিঁড়ে ফেলে তাহলে থামুন। আবার মনোযোগ সেকেন্ডের কাঁটায় ফিরিয়ে আনুন।
পঞ্চম ধাপ : পাক্কা দুই মিনিট আপনার মনোযোগ বজায় রাখতে চেষ্টা করুন। কতবার মনোযোগ চলে যাচ্ছে তা গুনে রাখুন।
দিনের মধ্যে হাতে যখনই সময় পাবেন এই অনুশীলনটি করুন। চেষ্টা করুন মনোযোগ চলে যাওয়ার সংখ্যাটিকে কমিয়ে আনতে। সাধারণত দেখা যায়, প্রথম কয়েক দিন এই অনুশীলন করার পর মনোযোগ চলে যাওয়ার সংখ্যা বাড়তে থাকে। আসলে, আগে মনোযোগ চলে যাওয়াটাও খেয়াল রাখতে পারতেন না। এখন মনোযোগের সঙ্গে মনোযোগ বিচ্যুত হওয়াটা লক্ষ করতে পারছেন। ধীরে ধীরে এই সংখ্যা কমে আসবে। একনাগাড়ে ৫-৮ মিনিট একবারও সেকেন্ডের কাঁটা থেকে মনোযোগ বিচ্যুত না হলে বুঝতে হবে মনোযোগের ওপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
এই অনুশীলন সব শ্রেণি, পেশা ও বয়সের উপযোগী।
কোয়ান্টাম মেথড বইয়ের সৌজন্যে