সিভাসুতে ভবিষ্যৎ বিজ্ঞানীদের নানা চমক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৭ এএম

এক টেবিলে পানিতে থাকা মশার লার্ভা চিনে নিয়ে সেখানেই ওষুধ ছিটানোর রোবট, তো পরের টেবিলেই আকাশে ড্রোন ধরার পোর্টেবল যন্ত্র ‘স্কাইগার্ড’। আরেকটু সামনে গেলে বর্জ্যকে কাজে লাগিয়ে সম্পদ বানানোর উদ্যোগ ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ‘ইকো-ক্যাম্পাস’, পাশেই বর্জ্য থেকে জ্বালানি তৈরির ভাবনা কিংবা সমুদ্র-অর্থনীতি এগিয়ে নেওয়ার হাব ‘ওশাননোভা’।

জনস্বাস্থ্য, স্মার্ট নগরীর রূপরেখা আর জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণ, বর্জ্যকে সম্পদে রূপান্তর ও টেকসই ক্যাম্পাস গড়ার ভাবনা; ভিন্ন ভিন্ন এই সব উদ্ভাবনে মুখর হয়ে উঠেছিল চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাস।

বৃহস্পতিবার সিভাসু ক্যাম্পাসে বসেছিল ভবিষ্যৎ বিজ্ঞানীদের এই মিলনমেলা। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব উপলক্ষে দিনভর চলে প্রদর্শনী ও মূল্যায়ন। বিভাগের নয়টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ১০টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে নিজেদের তৈরি ৪৮টি বিজ্ঞান প্রকল্প নিয়ে হাজির হয়েছিলেন এই আয়োজনে।

প্রদর্শনী টেবিলগুলোর সামনে ভিড় আর কৌতূহলের কমতি ছিল না।

প্রদর্শনী টেবিলগুলোর সামনে সকাল থেকেই দর্শনার্থী, শিক্ষক ও শিক্ষার্থীদের ভিড় আর কৌতূহলের কমতি ছিল না। ডেঙ্গু প্রতিরোধে নতুন সমাধান নিয়ে হাজির হয়েছিলেন ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুর মোহাম্মদ অপু ও তার বন্ধু মো. নাঈম হাসান। মাত্র ১৭ দিনের চেষ্টায় ৮ থেকে ১০ হাজার টাকা ব্যয়ে তারা তৈরি করেছেন মশার লার্ভা শনাক্ত ও ওষুধ ছিটানোর রোবট। তাদের উদ্ভাবিত রোবটটি প্রথমে পানিতে এডিস মশার লার্ভা শনাক্ত করে ইএসপি-৩২ মাইক্রোকন্ট্রোলারে তথ্য পাঠায়; আগে থেকে দেওয়া তথ্যের সঙ্গে তা মিলে গেলে স্বয়ংক্রিয়ভাবে স্প্রে করে লার্ভা ধ্বংস করে।

আরেক স্টলে নজর কাড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরি পোর্টেবল ড্রোন ডিটেকশন সিস্টেম ‘স্কাইগার্ড’। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি এই যন্ত্রটি তিন কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত আকাশে থাকা ড্রোন শনাক্ত করতে পারে। ১ মেগাহার্টজ থেকে ৬ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি কাভারেজ সম্পন্ন এই যন্ত্রটি রিয়েল-টাইম ফ্রিকোয়েন্সি মনিটরিংয়ের পাশাপাশি অ্যানালগ ভিডিও ফিড ইন্টারসেপ্ট করতে এবং অডিও ও ভিজ্যুয়াল অ্যালার্ট দিতে সক্ষম।

সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার এবং দেশের ‘ব্লু ইকোনমি’ বা সমুদ্র-অর্থনীতিকে এগিয়ে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস তুলে ধরে ‘ওশাননোভা’ নামের একটি উদ্ভাবনমূলক উদ্যোগ। সমুদ্র বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য একটি গবেষণা ও উদ্ভাবন হাব হিসেবে কাজ করবে এটি। মৎস্য আহরণ, সামুদ্রিক চাষাবাদ ও নবায়নযোগ্য সমুদ্র শক্তিতে ‘ব্লু টেকনোলজি’র প্রয়োগ, উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’-এর মতো ব্যবস্থাপনা কাঠামো বাস্তবায়নে সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে প্রকল্পটি।

পাশাপাশি নজর কেড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের উদ্যোগ ‘ওশাননোভা’। সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার, ব্লু টেকনোলজির প্রয়োগ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়াতে এটি একটি গবেষণা ও উদ্ভাবন হাব হিসেবে কাজ করবে।

পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যতিক্রমী সমাধান নিয়ে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ‘ইকো-ক্যাম্পাস’ প্রকল্প। এতে দেখানো হয়, কীভাবে ব্ল্যাক সোলজার ফ্লাই ব্যবহার করে পচনশীল জৈব বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তর করা যায়। এই মাছির লার্ভা শাকসবজি, ফলের খোসা ও উচ্ছিষ্ট খাবার খেয়ে তা উন্নতমানের জৈব সারে পরিণত করে, যা বর্জ্যরে পরিমাণ প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনে। পাশাপাশি এই লার্ভা মাছ, মুরগি ও গবাদিপশুর উচ্চ প্রোটিনসমৃদ্ধ বিকল্প খাদ্য হিসেবেও ব্যবহারযোগ্য। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে উপস্থাপিত এই প্রকল্পের পাশাপাশি মেলায় বর্জ্য থেকে বায়োগ্যাস ও পরিবহন জ্বালানি উৎপাদনের মতো বাস্তবমুখী নানা উদ্ভাবনও তুলে ধরেন শিক্ষার্থীরা।

প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রদর্শিত ৪৮টি প্রকল্পের মধ্য থেকে ঢাকার চূড়ান্ত পর্বের জন্য বেছে নেওয়া হয় সেরা ১৩টি প্রকল্প। এর মধ্যে সিভাসুর ৫টি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪টি প্রকল্প জায়গা করে নেয়। এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একটি করে প্রকল্প চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত