ছোট পর্দা থেকে বড় পর্দায় নিয়মিত হচ্ছেন মডেল-অভিনেত্রী নাজিফা তুষি। তবে এখন কেবল নায়িকা পরিচয়েই সীমাবদ্ধ নন, ধীরে ধীরে একজন গায়িকা হিসেবেও দর্শকদের নজর কাড়ছেন তিনি। সম্প্রতি ‘রইদ এর গান’ শিরোনামের কনসার্টে গান গেয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে তার কণ্ঠে পরিবেশিত ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, ‘রইদ’ সিনেমায় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি প্রসঙ্গে তুষি বলেন, ‘রইদ’ সিনেমায় আমার কণ্ঠে একটি গান থাকছে। বিষয়টি আমার জন্য অনেক বিশেষ। কারণ আমি মূলত অভিনয়ের মানুষ হলেও গান সবসময় আমার ভেতরের একটা ভালোবাসার জায়গা ছিল। যখন ‘রইদ’ টিম আমাকে গানটি গাওয়ার কথা বলল, তখন একটু ভয়ও কাজ করছিল দর্শক কীভাবে নেবে, তারা আমাকে গায়িকা হিসেবে গ্রহণ করবে কি না। কিন্তু গানটি গাওয়ার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, সেটা সত্যিই অভাবনীয়।
তিনি আরও বলেন, রবীন্দ্র সরোবরে যখন ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি গেয়েছি, তখন দর্শকদের প্রতিক্রিয়া আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। সবাই খুব আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে। আমার মনে হয়েছে, গানটি মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি। আসলে ‘রইদ’ সিনেমার গল্প, এর আবহ আর গানগুলো সবকিছুই খুব মাটির কাছাকাছি। সেই অনুভূতিটা গানটির মধ্যেও আছে। আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি দিয়েই গানটি গাইতে। আশা করছি, গানটি প্রকাশের পর দর্শক আরও বেশি পছন্দ করবেন।
গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানি। সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘রইদ’ সিনেমার তিনটি গান। রইদে ‘আইলা গা জুড়াইতে’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব।