জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত চার দিনব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’ আজ মঙ্গলবার শেষ হচ্ছে। ‘একটি নজরুল চর্চা কেন্দ্র- বাঁশরী’র আয়োজনে এবং ‘জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক’ সেøাগানে গত ২৫ জুলাই নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে উৎসবটি শুরু হয়। চার দিনের এই আয়োজনে কবির দশটি নাটক পরিবেশিত হয়।
উৎসবের সমাপনী দিনে আজ স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে দুটি নাটক- নৌশিন নাওয়ার মাসুদ পৃথিবী নির্দেশিত ভোর হলো কুষ্টিয়ার প্রযোজনা ‘পুতুলের বিয়ে’ এবং শামীম আক্তার মুক্তা নির্দেশিত মেঠোপথ থিয়েটারের লেটোগাননির্ভর নাটক ‘হারাধনের বিয়ে’।
‘হারাধনের বিয়ে’ প্রসঙ্গে নির্দেশক শামীম আক্তার মুক্তা জানান, লেটোগান বাংলা লোকসংগীতের একটি ঐতিহ্যবাহী ধারা, যা যাত্রাগানের মতো গান, নৃত্য ও অভিনয়ের সমন্বয়ে পরিবেশিত হয়। শৈশবে নজরুল ইসলাম সরাসরি লেটোদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে মেঠোপথ থিয়েটার বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে গ্রামীণ জীবনের হাস্যরসাত্মক ঘটনায় সমৃদ্ধ এই লেটোগানটি নতুন নাট্যভাষ্যে মঞ্চে এনেছে।
কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা এই নাটকে সংগীতশিল্পী শারমিন জাহান ঐতিহ্যবাহী সুর সংরক্ষণে সহায়তা করেছেন। সমাপনীর মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামছে নজরুল চর্চাকে বেগবান করার এই নাট্যপ্রয়াসের।
