ইরান ড্রোন-ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে

দুই দেশের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন তিনি সুর পাল্টে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। 

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে। সোমবার (২৫ মে) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে আমরা অবশ্যই আমাদের অর্থের একটি অংশ ব্যয় করবো। এজন্য আমরা কারও অনুমতি নেবো না।'

তিনি আরও বলেন, 'আমরা যদি এটি না করতাম, তাহলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো আমাদের ওপর আধিপত্য বিস্তার করতো।' ওয়াশিংটনের পক্ষ থেকে আগে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সীমিত করার দাবি জানানো হলেও, তেহরান আবারও স্পষ্ট করলো যে তারা এ অবস্থান থেকে সরে আসছে না।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্প বলেন, আলোচনা 'গঠনমূলকভাবে' এগোচ্ছে। তবে উভয় পক্ষকেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার (২৩ মে) দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি সমঝোতা চুক্তি 'প্রায় চূড়ান্ত পর্যায়ে' পৌঁছেছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

অন্যদিকে, ইরানও আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, 'চুক্তির খুব কাছে আছি, আবার অনেক দূরেও আছি।'  তার এমন মন্তব্য অবশ্য খুব একটা আশার

আলো দেখাচ্ছে না। বিশেষ করে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন চলতি সপ্তাহে চুক্তি না হলে আবার ইরানে সামরিক অভিযান শুরু করা হবে।  

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনায় থাকা এই সমঝোতা এখনো চূড়ান্ত নয়। বরং বেশ কিছু জটিল বিষয় পরে আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল ছাড় এবং পারমাণবিক কর্মসূচি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার ভারত সফরকালে এ মন্তব্য করেন তিনি।