ঈদের ছুটিতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আসন্ন ঈদে কোরবানির পশুর হাট, বিভিন্ন বাস টার্মিনাল, ব্যাংক, ঈদের প্রধান জামাত এবং ছুটির সময়ে ফাঁকা ঢাকার সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা ও ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘœ করতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপি কমিশনার জানান, রাজধানীর প্রতিটি পশুর হাটে দৃশ্যমান পুলিশ মোতায়েনের পাশাপাশি স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার ও সাব-কন্ট্রোল রুম। ব্যবসায়ী ও ক্রেতাদের লেনদেন নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রতিটি হাটে জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।

হাটের আশপাশে যেকোনো ধরনের অপরাধ ও প্রতারণা ঠেকাতে ডিবিসহ সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে জানিয়ে তিনি বলেন, বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে চালু রাখা হয়েছে ডিএমপির ‘মানি এসকর্ট’ সার্ভিস। পাশাপাশি রাজধানীতে পুলিশের অতিরিক্ত মোবাইল টিম, ফুট প্যাট্রল এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

এ ছাড়া ঈদ উদযাপনে লাখো মানুষ ঢাকা ছাড়তে শুরু করায় গাবতলী, সায়েদাবাদ, উত্তরা ও যাত্রাবাড়ীসহ রাজধানীর প্রবেশ ও বাহির পথগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। পশুবাহী যানবাহন যাতে নির্দিষ্ট হাট ছাড়া অন্য কোথাও জোরপূর্বক থামানো বা নামানো না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

এদিকে ঈদযাত্রায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন ঠেকাতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হচ্ছে। প্রধান সড়কগুলো যানজটমুক্ত রাখতে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে ডিএমপি এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে গরুর হাটের কারণে যাতে সড়কে যানজট না হয়, সে জন্য হাটের সীমানার বাইরে রাস্তা কিংবা ফুটপাতে কোনোভাবেই পশু রাখতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ডিএমপি।