স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেছেন, দেশের চাহিদার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো কম। দীর্ঘদিন স্বাস্থ্য খাতে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় বিভিন্ন সংকট তৈরি হয়েছে। তবে এসব সমস্যা কাটিয়ে উঠতে সরকার জরুরি ভিত্তিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।
গতকাল রবিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ, হাজিরা খাতা ও রান্নাঘর ঘুরে দেখেন। রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও তিনি পরীক্ষা করেন। এছাড়া ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও সার্বিক স্বাস্থ্যসেবার বিষয়ে তাদের মতামত নেন। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের বিদ্যমান সমস্যার সমাধানে কিছু প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত পরিবর্তন আনা হবে। পরিদর্শনের সময় অনিয়মের অভিযোগে তিনজনের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসক এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা আখতার, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খোদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।