ঝিনাইদহে হাসনাত

সরকার পুলিশকে লাঠিয়ালের মতো ব্যবহার করছে

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকারও আওয়ামী লীগের পথে হাঁটছে। আওয়ামী লীগের মতো বিচার, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। আওয়ামী লীগ এসব কারণে জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এই সরকার যদি আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তা মেনে নেব না। জেল, জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না। আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখের বিষয়, সেখানেই আজ আইন আদালত সরকারের একটি মহলের হাতে বন্দি। সরকার পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের দলীয় এজেন্ডা দ্বারা পরিচালিত করছে।

গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদেও পরিচয় দিচ্ছে। এটা লজ্জাজনক। সংবাদ সম্মেলন শেষে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা, মুখ্য সমন্বয়ক রিফাত রশিদ প্রমুখ। এ সময় এনসিপির ঝিনাইদহ জেলা কমিটির নেতাকর্মীরা অংশ নেন।