প্রাণিসম্পদমন্ত্রী বললেন

প্রতি ইঞ্চি জমি ও জলাশয় উৎপাদনের আওতায় আনা হবে

দেশের কোনো জমি কিংবা জলাশয় অনাবাদি রাখা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, খাদ্য উৎপাদন বাড়াতে প্রতিটি ইঞ্চি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। গতকাল সোমবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষিজমি, পুকুর, খাল-বিলসহ সব ধরনের উৎপাদনক্ষম সম্পদকে কাজে লাগিয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। একই সঙ্গে জনগণের পুষ্টিচাহিদা পূরণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত পুকুর ও জলাশয়গুলোকে উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে হালদা নদী থেকে সংগৃহীত উন্নতমানের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসব মাছ দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞাসহ মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।