ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় ক্লেমনের উদ্যোগ

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে শহরের পরিবেশকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক সমাধান নিয়ে এসেছে ক্লেমন। পরিবেশ রক্ষায় ক্লেমনের মূল প্ল্যাটফর্ম ‘গ্রিনওয়েভ’-এর অধীনে ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনটি গত এক দশক ধরেই সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে ১০টিরও বেশি কমিউনিটিতে সফলভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কমিউনিটিগুলোতে এবার পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ বিতরণ করছে ব্র্যান্ডটি। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধ করে প্রকৃতিকে রক্ষা করা। সাধারণত একটি প্লাস্টিক ওয়েস্ট ব্যাগ থেকে মিলিয়ন মিলিয়ন মাইক্রোপ্লাস্টিক পরিবেশের স্থায়ী ক্ষতি করে। পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ ব্যবহারের ফলে পরিবেশে প্রায় ১২০ কেজি প্লাস্টিক যাওয়া রোধ করা সম্ভব হচ্ছে, যা প্রাকৃতিকভাবেই মাটির সঙ্গে মিশে যাবে এবং বিলিয়ন বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক থেকে আমাদের ইকোসিস্টেমকে রক্ষা করবে।

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই ক্যাম্পেইনটি বিশাল প্রভাব ফেলছে। এসব ওয়েস্ট ব্যাগের মাধ্যমে প্রায় ৩০ হাজার কেজি পশুর বর্জ্য নিয়ন্ত্রিত উপায়ে অপসারণ করা সম্ভব হবে, যা শহরের প্রায় ৩ হাজারটি পয়েন্টে ড্রেন ব্লকেজ ও জলাবদ্ধতার ঝুঁকি কমাবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত হবে।