টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) লক্ষ্য অর্জনে আগামী পাঁচ বছরে আরও অন্তত ৪২১ বিলিয়ন ডলার অর্থায়নের প্রয়োজন হবে। সরকারি এসডিজি অর্থায়ন কৌশলগত পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। গতকাল রবিবার রাজধানীতে ‘ডেভেলপমেন্ট ফাইন্যান্স অ্যাসেসমেন্ট (ডিএফএ) ও এসডিজি অর্থায়ন বিষয়ক এক কর্মশালায়’ এই তথ্য জানানো হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই কর্মশালাটির আয়োজন করে। এতে ডিএফএর খসড়া প্রতিবেদনের ফলাফল পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের হালনাগাদ এসডিজি অর্থায়ন কৌশল পর্যালোচনা করা হয়।
কর্মশালায় মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান দেশের পরিবর্তিত অর্থায়ন পরিস্থিতি বিশ্লেষণ করেন।
ইআরডির অতিরিক্ত সচিব এ.এইচ.এম. জাহাঙ্গীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।