নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প ও স্মার্ট প্রযুক্তি খাতে চীন ও পাকিস্তানের মধ্যে প্রায় ১২২ কোটি ডলারের এক বিশাল বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকারি সফরকালে দুই দেশের মধ্যে এই চুক্তি ও একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
চার দিনের সফরে বেইজিংয়ে অবস্থানরত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপস্থিতিতে বাণিজ্য, কৃষি, জলবায়ু, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতেও দুই দেশের প্রতিনিধিরা একাধিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। এসব চুক্তির মাধ্যমে চীন-পাকিস্তান অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
দ্বিপক্ষীয় বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে চীন সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি পাকিস্তানকে চীনের অত্যন্ত ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু হিসেবে অভিহিত করেন।
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীন ও পাকিস্তানকে ‘আয়রন ব্রাদার’ বা অটুট ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের কোনো তুলনা হয় না।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ইরান সংকট নিরসনে পাকিস্তানের শান্তি উদ্যোগের প্রশংসা করে চীন।