ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখী নারী যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ রেলওয়ে এই ব্যতিক্রমী সেবা চালু করেছে।

ঈদযাত্রার এই বিশেষ উদ্যোগের আওতায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী ননস্টপ ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনে নারী যাত্রীদের জন্য এই বিশেষ কোচ সার্ভিস চালু করা হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে জানা যায়, গতকাল সোমবার (২৫ মে) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

উদ্বোধনকালে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান এবং পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন। এ সময় তারা নারী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। ট্রেনে নিজেদের জন্য সম্পূর্ণ আলাদা কোচের ব্যবস্থা পেয়ে নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই বিশেষ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

এদিকে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় পৌঁছালে, সেটির বিশেষ কোচে ভ্রমণকারী নারী যাত্রীদের স্বাগত জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ কোচ সার্ভিসটি ঈদের আগের তিন দিন, অর্থাৎ আগামীকাল বুধবার পর্যন্ত চালু থাকবে।