মতলবে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেধাবৃত্তি পুরস্কার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) উপজেলার চান্দ্রকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমির অডিটোরিয়ামে ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এসইএল মেধাবৃত্তি এবং ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। 

প্রাথমিক স্তরের ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক স্তরের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক পরীক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।

এসইএল মডেল একাডেমির অধ্যক্ষ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার এবং এসইএল মডেল একাডেমি পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান রাকিব।

এ সময় আরও বক্তব্য দেন সমাজসেবক ইসমাঈল হোসেন মুন্সী, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবির উদ্দিন আহমেদ, অভিভাবক কামাল হোসেন খান, এসইএল মডেল একাডেমির সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, সহকারী শিক্ষক বেলাল হুসাইন, অভিভাবক ফরিদ উদ্দিন সরকার, নুরুজ্জামান এবং ৫ম শ্রেণির মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়ান সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসইএল মডেল একাডেমির সহকারী শিক্ষক সাকিব হোসেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেন, ‘এখন আর গতানুগতিক শিক্ষা গ্রহণ করলে চলবে না। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রয়োজন মানসম্মত শিক্ষা। তাই তোমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতার সঙ্গে চেষ্টা করবে—এটাই আমার বিশ্বাস।’

অভিভাবকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনার সন্তানকে শুধু মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তুললেই চলবে না। তাদের মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। সন্তানকে যদি সত্যিকার অর্থে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, তবে সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। তার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না—এই বিশ্বাস আপনারা রাখতে পারেন।’