আজ মঙ্গলবার (২৬ মে) মুক্তি পেতে চলেছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে এই গানকে ঘিরে তৈরি হয়েছে আলাদা উত্তেজনা। কারণ নির্মাতাদের দাবি, এ বছরের অন্যতম বড় ডান্স ট্র্যাক হিসেবেই আত্মপ্রকাশ করতে চলেছে এই গান। বাণিজ্যিক সাউন্ড, ঝাঁঝালো বিট আর চোখধাঁধানো ভিজ্যুয়ালের মিশেলে দর্শকদের জন্য তৈরি হয়েছে একেবারে পূর্ণাঙ্গ এন্টারটেইনমেন্ট প্যাকেজ।
গানটির সুর ও মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছেন ফুয়াদ আল মুক্তাদির এবং মিউজিক ভিডিও পরিচালনার পাশাপাশি কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন বাবা যাদব। গানটির মাধ্যমে পঞ্চমবারের মতো এসভিএফ মিউজিকের করলেন নুসরাত ফারিয়া। নির্মাতাদের মতে, গানটির মূল আকর্ষণই হল এর প্রাণবন্ত এনার্জি, ক্যাচি হুক আর গ্ল্যামারাস উপস্থাপনা, যা খুব সহজেই পার্টি প্লেলিস্টের প্রথম সারিতে জায়গা করে নিতে পারে।
গানটি নিয়ে নিজের উচ্ছ্বাসও গোপন করেননি ফারিয়া। তার কথায়, ‘এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার প্রতিটি কাজই দর্শকদের কাছ থেকে ভীষণ ভালোবাসা পেয়েছে। লোকে বলে আমার কাছে তেমনই আরেকটা বিশেষ প্রজেক্ট। গানটার মধ্যে এমন একটা এনার্জি আর ভাইব আছে, যা শুনলেই নাচতে ইচ্ছে করবে। শুটিংয়ের সময়ও দারুণ মজা করেছি। এবার শুধু অপেক্ষা, দর্শক কেমনভাবে গানটাকে গ্রহণ করেন।’
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে বাড়ছে কৌতূহল। বড়সড় প্রেজেন্টেশন, ঝকঝকে ভিজ্যুয়াল আর নাচে ভরপুর এই ট্র্যাক কি সত্যিই এ বছরের পরবর্তী চার্টবাস্টার হতে চলেছে?