চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ আগামীকাল

আপডেট : ২৬ মে ২০২৬, ০৮:১২ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরীফ, মতলব উত্তরে মীর্জাখীল দরবার শরীফের অনুসারীরা'সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে ঈদের জামায়াত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সাদ্রা দরবার শরীফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী জানান, মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামায়াতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদুল আজহার প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। এছাড়া সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। 

এদিকে পাশ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হবে। উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

একইদিন মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ্ ও হাফেজিয়া মাদ্রাসা ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি জামায়াত অনুষ্ঠিত হবে। 

মতলব উত্তর উপজেলায়ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একাধিক স্থানে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ছয়টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় তার অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একইসাথে ঈদ উদযাপন করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত