বোয়ালমারীতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে বিরোধপূর্ণ জমিতে বাথরুম নির্মাণকে কেন্দ্র করে ফিরোজা বেগম (৭১) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের ওজেদ মোল্যার মেয়ে এবং মৃত মুক্তার মোল্লার স্ত্রী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ফিরোজা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের টুলু মিয়াদের দীর্ঘদিন ধরে তার বাবার সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা হলে রায় ফিরোজা বেগমের পক্ষে আসে বলে পরিবারের দাবি।

অভিযোগ রয়েছে, আদালতের রায় অমান্য করে টুলু মিয়ারা জোরপূর্বক ওই জমি দখল করে ভোগ করে আসছিলেন। বুধবার সকালে ফিরোজা বেগম ওই জমিতে বাথরুম নির্মাণ করতে গেলে রামচন্দ্রপুর গ্রামের টুলু মিয়া (৪৫), তার ভাই বাচ্চু মিয়া (৫৫), রসুল মিয়া (৭৫) এবং বাচ্চু মিয়ার ছেলে বাপ্পি মিয়া (২৭) বাধা দেন। একপর্যায়ে তারা ফিরোজা বেগমকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আজিজুর মোল্লা বলেন, ‌আমাদের জমি জোর করে দখল করে রেখেছে টুলু মিয়ারা। সেখানে বাথরুম নির্মাণ করতে গেলে তারা আমার মাকে মারধর করে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।