সখীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঈদের দিন আর বাড়ি ফেরা হলো না টাঙ্গাইলের সখীপুরের  কলেজ শিক্ষার্থী কানন আহমেদের (১৭)। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান কানন। নিহত কানন উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন আরোহীরা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন কাননের ফুফাতো ভাই আশিকুর রহমান (১৬) এবং অপর মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম(৩৫)। তারা বর্তমানে চিকিৎসাধীন ।

স্বজনরা জানান, ঈদ উপলক্ষে পরিবারের সবার সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছিল কানন। কেউ ভাবতেও পারেনি, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আনন্দ নেমে আসবে আহাজারি হয়ে। সন্তানের মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন মা, নির্বাক হয়ে পড়েছেন বাবা। বাড়ির আঙিনাজুড়ে এখন শুধুই কান্না আর শোকের মাতম।

একটি সম্ভাবনাময় তরুণ প্রাণের এমন আকস্মিক বিদায়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু, সহপাঠী ও প্রতিবেশীরা কাননের স্মৃতি স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন।