ধানের স্তুপ থেকে বিদেশি মদ উদ্ধার, আটক পিতা-পুত্র

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাতীপাড়া এলাকায় তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃতরা হলেন- এলাকার মৃত মেছের শেখের ছেলে আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই তপন রায়ের নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল রুবেল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির শয়নকক্ষের ধানের স্তুপ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় রুবেল ইসলামকে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যবসায় তার পিতা আব্দুর রহিমও সহযোগী হিসেবে যুক্ত ছিলেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, আব্দুর রহিম ও রুবেল ইসলামকে ১৫ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে। রুবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।