নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে বিদ্যালয় মাঠে ওই দুই ব্যাচের শিক্ষার্থীরা ওই অনুষ্ঠাানের আয়োজন করেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী খাইরুল ইসলাম রাজু। সহযোগিতায় ছিলেন হাবিবুর রহমান ও গোলাম সারোয়ার জামান।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবীণ শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক ও রফিকুল ইসলাম সরকার (রফিক) স্যারকে দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। পরে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। এসময় দুই শিক্ষক প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
বক্তব্যে প্রবীণ শিক্ষক রফিকুল ইসলাম সরকার বলেন, পুরোনো বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলন বাঙালি সংস্কৃতির একটি চিরায়ত ঐতিহ্য। আজকের এই আয়োজন শুধু আনন্দের নয়, এটি আগামী দিনের জন্যও একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা গান, আড্ডা ও বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠানস্থলে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল, সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু বন্ধুত্ব আজও আগের মতোই রয়ে গেছে এবং যেখানে শুরু হয়েছিল স্বপ্নের পথচলা, আজ আবারও ফিরে এসেছি সেই স্কুলে। এমন আবেগঘন কথাগুলো প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিময় মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।