ব্রাজিল ভক্তদের ‘বিশেষ উপহার’ নেটফ্লিক্সের

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হলো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিনোদন ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের ‘বিশেষ উপহার’ দেয়া ওয়েব সিরিজটির নাম ‘ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার’। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ব্রাজিল ভক্তরা। ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে ফুটবল সম্রাট পেলের নেতৃত্বে ব্রাজিলের ঐতিহাসিক ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে। 

শুক্রবার (২৯ মে) বিশ্বজুড়ে নেটফ্লিক্সে পাঁচ পর্বের এ স্পোর্টস ড্রামা সিরিজটির স্ট্রিমিং শুরু হয়। এটি যৌথভাবে পরিচালনা করেছেন ওটু ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা পাওলো মোরেলি এবং তার ছেলে পেড্রো মোরেলি। সিরিজটির নেপথ্য ক্রিয়েটর হিসেবে কাজ করেছেন নানা জাভিয়ের ও রাফায়েল দোর্নেলাস। 

পর্তুগিজ ভাষায় নির্মিত এ সিরিজে কিংবদন্তি পেলের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেতা লুকাস অ্যাগ্রিকোলা। তৎকালীন দুই বিখ্যাত কোচ জোয়াও সালদানহার চরিত্রে রদ্রিগো সান্তোরো এবং জাগালোর চরিত্রে অভিনয় করেছেন ব্রুনো মাজ্জেও। সিরিজটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মার্সেলো আদনেত (ইউসেবিও তিসেইরা), ব্রুনা মাসকারেনহাস (রোজমেরি) ও গুই ফেররাজকে (জাইরজিনহো)। 

সিরিজটিতে তুলে ধরা হয়েছে তৎকালীন ফুটবলার ও কোচদের ড্রেসিংরুমের ভেতরের নানা অজানা কথাবার্তা ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের নাটকীয়তা। ১৬ বছর ঊর্ধ্বের দর্শকদের জন্য নির্মিত সিরিজটি সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে।