মুক্তির পরপরই দর্শক ও সমালোচকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে টলিউড অভিনেত্রী রাইমা সেনসহ একঝাঁক তারকার ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমাটি। শুধু পশ্চিমবঙ্গেই নয়, জাতীয় স্তরেও এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে বিপুল উন্মাদনা। ইতিমধ্যেই বেঙ্গালুরু, পুনে, মুম্বাই এবং দিল্লির মতো বড় বড় শহরের সিনেমা হলগুলোতে শো ‘হাউসফুল’। শো-এর আগে থেকেই ছবিটির প্রচুর পরিমাণে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক একটি দিক।
উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত টলিউডের সফলতম পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ম্যাজিকে তৈরি এই নতুন ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। শুক্রবার (২৯ মে) মুক্তি পাওয়া সিনেমাটির সাফল্য এক ঝটকায় ১৫ বছর আগের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। ঠিক দেড় দশক আগে, ২০১১ সালে এই পরিচালক জুটির প্রথম ছবি ‘ইচ্ছে’-তে দুর্দান্ত অভিনয় করে যেভাবে ছক্কা হাঁকিয়েছিলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত, এবারও যেন ঠিক একইভাবে বাজিমাত করলেন। সব মিলিয়ে, নন্দিতা-শিবপ্রসাদের চেনা আবেগ আর রহস্যের যুগলবন্দিতে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ যে বক্স অফিসে লম্বা রেসের ঘোড়া হতে চলেছে, তা বলাই বাহুল্য।
ছবির কাস্ট তালিকাও যথেষ্ট শক্তিশালী। সোহিনী সেনগুপ্ত ও রাইমা সেনকে ঘিরেই গল্পের মূল স্রোত তৈরি হলেও, তাঁদের পাশে রয়েছেন অর্জুন চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায় এবং নতুন মুখ শ্যামৌপ্তি মুদলি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনামিকা সাহা, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌম্য মুখোপাধ্যায় ও ঋষভ বসুকে।
তবে এই গল্প শুধু রহস্যে আটকে নেই। এর গভীরে রয়েছে স্মৃতি, পরিচয়ের প্রশ্ন, সম্পর্কের জটিলতা এবং নারীর বহুস্তরীয় সত্তা। টিজারের ঝলকেই বোঝা যায়, নারী চরিত্রগুলো এখানে একরৈখিক নয়—তাঁদের প্রত্যেকের ভেতরে আছে নিজস্ব লড়াই, চাপা অতীত আর অমীমাংসিত দ্বন্দ্ব, যা গল্পকে আরও গভীর করে তোলে।
এই ছবির সঙ্গে জুড়ে আছে আরেকটি বিশেষ উপলক্ষ- উইন্ডোজ প্রোডাকশনের ২৫ বছর পূর্তি। সেই কারণেই গরমের ছুটিতে ছবির মুক্তি যেন একপ্রকার উদযাপন, যা স্বাভাবিকভাবেই প্রত্যাশার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।