নেইমারকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন আনচেলত্তি

আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:০৪ পিএম

২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড নেইমারের চোট। তবে চোট কাটিয়ে বিশ্বকাপের প্রথম বা দ্বিতীয় ম্যাচেই এই পিএসজি তারকাকে মাঠে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। একই সাথে নেইমারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার যে গুঞ্জন উঠেছিল, তাও জোরালোভাবে নাকচ করে দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

নেইমারের চোটের বর্তমান অবস্থা এবং বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন কার্লো আনচেলত্তি। পুনর্বাসন প্রক্রিয়ার ওপর ভরসা রেখে তিনি বলেন, 'আমরা তাকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলার চেষ্টা করছি। বিশ্বকাপের প্রথম ম্যাচে (১৩ জুন মরক্কোর বিপক্ষে) যদি সে খেলতে নাও পারে, তবে দ্বিতীয় ম্যাচে (১৯ জুন হাইতির বিপক্ষে) তাকে মাঠে নামানোর জোরালো সম্ভাবনা রয়েছে।'

নেইমারের চোটের পর ফুটবল মহলে গুঞ্জন উঠেছিল, গ্রুপ পর্বের অনিশ্চয়তার কারণে হয়তো তাকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলতে পারে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। তবে আনচেলত্তি এই গুঞ্জন উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাইরের কোনো চাপে পড়ে তিনি সিদ্ধান্ত নেন না। তিনি বলেন, 'আমরা দলে কোনো পরিবর্তন আনছি না। শুরুতে যে ২৬ জন খেলোয়াড়কে নির্বাচন করা হয়েছে, তারাই ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলবে।'

এর আগে মার্চ মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দল ঘোষণার সময় আনচেলত্তি ইঙ্গিত দিয়েছিলেন যে, টুর্নামেন্ট চলাকালীন শতভাগ ফিটনেস ফিরে পাবেন—এমন কোনো খেলোয়াড়কেও তিনি স্কোয়াডে রাখতে পারেন। তবে নেইমারের এই নতুন চোটের বিষয়টি তখন তাঁর ভাবনায় ছিল না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত