গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোপালগঞ্জে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায় করা হয়েছে।  

শনিবার (৩০ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন শরীফ (সহকারী কমিশনার-ভূমি, গোপালগঞ্জ সদর) এবং ফারদিন খান প্রিন্সের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হেলমেট ব্যবহার না করা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রয়েল ট্রাভেলস নামে একটি পরিবহন প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরে তারা গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং পরিবেশ সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়।