গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

পাশাপাশি পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে বিজিবি সদস্যদের টহল শুরু হয়। তাদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছে পুলিশ ও র‌্যাব। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন। সেই ঘটনার বর্ষপূর্তিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, জুলাই শহিদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত