মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভাবি আমেনা আক্তার (৩০) ও তার দুই বছর বয়সী ভাতিজা আসলামকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এতে হামলায় গুরুতর আহত হয়েছেন আমেনার স্বামী ও কাপড় ব্যবসায়ী আব্দুস সালাম। অভিযুক্ত ইউসুফ আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
শনিবার (৩০ মে) রাত প্রায় ১০টার দিকে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাচারিপাড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে ইউসুফ আলী (৪০) দীর্ঘদিন ধরে বেকার জীবনযাপন করছিলেন। তার বড় ভাই আব্দুস সালাম আর্থিকভাবে তাকে সহায়তা করতেন। ইউসুফ আলী বিয়ে করার পর ৪-৫ বছর যাবত ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে ইউসুফ আলী বাড়িতে আসেন। এরপর থেকেই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ ও কলহ শুরু হয়।
শনিবার দুপুরে আব্দুস সালাম খাবার খেয়ে বাঁচামারা বাজারে তার কাপড়ের দোকানে যান। রাতে বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের দিকে এগিয়ে যান। এ সময় ওত পেতে থাকা ইউসুফ আলী তার ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
আব্দুস সালামের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে ঘরের খাটের ওপর আমেনা আক্তার ও শিশু আসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে গুরুতর আহত সালামকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।