লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত

আপডেট : ৩১ মে ২০২৬, ১০:১৬ এএম

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের নয়জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী ঘটনা।

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদা (সিডন) সংলগ্ন আদলুন এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ওই বাড়িটিতে বেসামরিক লোকজন বসবাস করতেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া সব মরদেহ একই পরিবারের সদস্যদের। নিহতদের সবাই সিরীয় শরণার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ১৭ মে থেকে তা আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হলেও লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

বিশেষ করে দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা এবং হিজবুল্লাহর প্রভাবশালী এলাকাগুলোতে নিয়মিত বিমান হামলা ও সামরিক অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলের দাবি, এসব অভিযানে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো, অস্ত্রভাণ্ডার ও যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে লেবাননের কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব হামলায় ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। তাদের মতে, নারী, শিশু, চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারী ব্যক্তিরাও হামলার শিকার হচ্ছেন।

গত কয়েক মাসে লেবাননে ইসরায়েলি হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি সংঘাতের কারণে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ফলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বহাল থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, লেবানন সীমান্তের পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে গাজা যুদ্ধের ভবিষ্যৎ গতিপ্রকৃতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত