হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭৭ জন।

আজ রবিবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা ও অন্যজন বরিশালের। এই সময়ে আক্রান্তদের মধ্যে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ১ হাজার ৩২৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর ৯০ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭০ হাজার ৯৩৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ৯ হাজার ৪৯ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিল ৫৬ হাজার ৮৮৬ শিশু। আক্রান্তদের মধ্যে বড় একটি অংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫২ হাজার ৮৪১ জন শিশু।