বাকলিয়া এবার প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের  বাকলিয়া এবার প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মো. জামালকে (৩৫) আটক করে থানায় নেওয়ার সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে ভাঙচুরের ঘটনাও ঘটে।

শনিবার দুপুরে চাকতাই ভেড়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটলেও রবিবার বিষয়টি জানাজানি হয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত জামালকে গ্রেপ্তার করে। জামাল ভোলা জেলার শশিভূষণ থানার চরফকিরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে। চাকতাই ভেড়া মার্কেট এলাকার নাসির কলোনিতে বসবাস করেন তিনি।

বাকলিয়া থানার ওসি মো. সোলাইমান বলেন, “ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে থানায় আনা হয়েছে। অভিযুক্ত জামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ২১ মে বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। লোকজন রাস্তায় অবস্থান নিয়ে পুলিশের গাড়ি আটকে রাখায় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ  ফাঁকা গুলি ছুড়ে। এ সময় দুই সাংবাদিক গুলিবিদ্ধ হন।