কেরোসিন, অকটেন পেট্রোলের দাম বাড়ল লিটারে ৫ টাকা

জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। এতে ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে পাঠানো জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা (অপরিবর্তিত), কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও অকটেন ১৪৫ টাকায় পাওয়া যাবে। রবিবার রাত ১২টার পর, অর্থাৎ ১ জুন সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।

দেশে এবার জ্বালানি তেলের দাম এমন এক সময়ে বাড়ানো হলো, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে গত কয়েক মাসে জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে ওঠে। এখন পরিস্থিতি শান্ত হয়ে আসায় তেলের বাজারদর কমতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে মে মাসের শুরুতে যেখানে ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৯০ ডলার, সেখানে মে মাসের শেষে গতকাল সেই দাম নেমে এসেছে ৮৮ ডলারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে আসছে সরকার। প্রায় প্রতি মাসেই এই মূল্য সমন্বয় করা হয়। এর আগে গত গত ১৮ এপ্রিল জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে ৩০ এপ্রিল জারি করা আরেক প্রজ্ঞাপনে মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

ওই সময় ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়।