এত লাশ বইব কেমনে

দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়ছেই। ঈদের আগে-পরে মাত্র ১০ দিনে (২১ থেকে ৩০ মে) ২৩১ জনের প্রাণ ঝরেছে সড়কে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৬১ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে। সংস্থার তথ্যমতে, এ ১০ দিনে সড়কে দুর্ঘটনা ঘটেছে ২০০টি। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য সংগ্রহ করা হয়। কোনো কোনো দুর্ঘটনা পুরো পরিবারই শেষ হয়ে গেছে।

দুর্ঘটনায় এসব মৃত্যু পরিবারগুলোর জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রতিটি মৃত্যু ভুক্তভোগী পরিবারকে মুহূর্তের মধ্যে এলোমেলো করে দেয়। প্রিয়জনের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো মানসিকভাবে ভেঙে পড়ে। বিশেষ করে, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তার ওপর নির্ভরশীল ব্যক্তিরা চরম আর্থিক সংকটের মুখে পড়ে। একটা সময় প্রিয়জনের শোক কাটিয়ে উঠতে পারলেও ওই পরিবারগুলো জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারে না। দুর্ঘটনার ভয়াবহতা ও পরিবারের অসহায়ত্বে অনেক স্বজনের বুকে আর্তনাদ ফুটে ওঠে ‘এত লাশ বইব কেমনে’।

এর আগে গত মার্চের তৃতীয় সপ্তাহে পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক-মহাসড়কে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১০৪৬ জন আহত হয়েছিল বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি।

এবারের ঈদুল আজহার আগের দিন টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৭ নির্মাণ শ্রমিক নিহত হন। নিহত ও আহতরা ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে স্বল্প ভাড়ায় ফেনী ও চট্টগ্রাম থেকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় যাচ্ছিলেন। ঈদের আগের দিন সকালে রাজধানীর নদ্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত, ঈদের দিন দুপুর ১২টায় গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ ছাড়া ঈদের রাত ৮টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। ২৩ মে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত ও ২৪ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী দেশ রূপান্তরকে জানান, ২১ মে ঈদযাত্রার শুরু হয়। ৩০ মে পর্যন্ত যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য সংগ্রহ করে। তাতে ২০০ সড়ক দুর্ঘটনায় ২৩১ জনের প্রাণহানি ও ৫৬১ জন আহত হওয়ার তথ্য মিলেছে। যদিও হাসপাতালের তথ্যে এর সংখ্যা কমপক্ষে ১০ গুণ বেশি।

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের সড়ক-মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনে গতি বেড়েছে। সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ তৎপর ছিল। কিন্তু যাত্রী সচেতনতার কোনো কার্যক্রম দৃশ্যমান ছিল না। এবারের ঈদে সড়ক পরিবহন মালিক সমিতি অঙ্গীকার করেছিল, অতিরিক্ত ভাড়া নেবে না। কিন্তু অঙ্গীকার ভঙ্গ করে অধিকাংশ রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের মতো নৈরাজ্য ও যাত্রী হয়রানি ছিল বলে জানান মোজাম্মেল হক চৌধুরী।

এদিকে গত ১১ দিনে (২১ মে থেকে গতকাল ৩১ মে দুপুর ১২টা পর্যন্ত) সড়কে ঝরেছে ১৯২ প্রাণ। এর প্রায় অর্ধেক মানুষ (৮৪ জন) ছিলেন মোটরসাইকেলচালক কিংবা আরোহী। ঈদযাত্রার এ কয়েক দিনে মোট দুর্ঘটনা ঘটেছে ১৬৯টি। বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশন সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। সংগঠনটি ২১ মে থেকে গতকাল ৩১ মে পর্যন্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদের ওপর ভিত্তি করে এ তথ্য জানায়। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সংবাদ মাধ্যমে প্রতিবেদনের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। পাঁচ দিন সংবাদপত্র বন্ধ ছিল। যে কারণে সড়কে নিহতের প্রকৃত সংখ্যা পূর্ণাঙ্গভাবে আসেনি। ১১ দিনে সড়কে দুর্ঘটনা, যানজট, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা নেতিবাচক ও বেপরোয়া কার্যক্রম দেখা গেছে।

বিভিন্ন জেলায় যত সড়ক দুর্ঘটনা

বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার বিভিন্ন উপজেলায় ঈদের ছুটিতে ছয়জন ও ঈদে বাড়ি ফেরার পথে চারজনসহ মোট ১০ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা যায়, ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে বগুড়ার শেরপুরে দুই তরুণ নিহত হন ও চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন পৌর শহরের উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে আবু রায়হান ও শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম হোসেন।

ঈদের ছুটিতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হন। গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁ জেলার খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে মো. আব্দুর রাহিম, চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব ও একই এলাকার সুরুজের ছেলে প্রেম। গত শনিবার রাত ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার লালদহ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. আশরাফুল ইসলাম প্রামাণিক নামে এক শিক্ষক নিহত হন।

এদিকে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফেরার পথে আরও চারজন নিহত হয়েছেন। বগুড়া পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার ভোরে কাহালু উপজেলার বউবাজার এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা দিলে দুইজন নিহত হন। নিহতরা হলেন নওগাঁর বদলগাছির কোমারপুর গ্রামের শ্রী জিতেন্দ্র নাথ ম-লের ছেলে উত্তম ম-ল ও বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হৃদয়। এর আগে একই রাতে কাহালু উপজেলার ভ্যাপরা এলাকায় নিউ হোপ ফিড মিলের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. রবিউল আউয়াল ওরফে জিয়া নামের এক শ্রমিক নিহত হন। অন্যদিকে গত বুধবার সকাল সোয়া ৬টার দিকে নন্দীগ্রামের ফোকপাল রাস্তার মাথায় বগুড়া-নাটোর মহাসড়কে বালুভর্তি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. ইনজামাম নামে ট্রাকের এক সহকারী নিহত হন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঈদের দিন গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী ও বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও এক শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শাওন ঢালী, একই উপজেলার গোলা গ্রামের মাহবুব শেখের ছেলে সইব শেখ, পিরোজপুরের নাজিরপুরের কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে খাদিজা খাতুন, তার স্বামী সোহাগ ও তাদের ৬ বছর বয়সী ছেলে আরমান।

নেত্রকোনা প্রতিনিধি জানান, কলমাকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার মধ্য রাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কলমাকান্দা উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় ও একই গ্রামের সজিব মিয়ার ছেলে সোহান।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, শেরপুরে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধু নিহত ও আরও চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর পৌর শহরের উলিপুর এলাকার আবু রায়হান ও শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম।

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও আরও দুইজন আহত হন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ এলাকার তামিম হাং ও ইমরান হোসেন। এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ-বরগুনা আঞ্চলিক সড়কের রাঢ়িবাড়ী বটতলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মীর তৈয়ব আলী নামে এক ইজিবাইকচালক নিহত ও আরও দুই যাত্রী আহত হয়েছেন। গত বুধবার সকাল ৯টার দিকে বরগুনা থেকে বরিশালগামী ‘নব দিগন্ত’ পরিবহনের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামার চর চড়িয়া এলাকায় র‌্যাব ১২ এর কার্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিএনজি টেম্পুর পেছনে বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত ও এক যাত্রী আহত হন। গত মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজিচালক সোরমান হোসেন, একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্র নাথ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সুত্রধর। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গত সোমবার এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন পাবনার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে সারা খাতুন ও শাহজাদপুর উপজেলার মশিপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা আলমগীরের ছেলে আহম্মদ।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবের গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার ও রাজধানী খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১টার দিকে সাহেব বাড়ি গেট বাসস্ট্যান্ড এলাকায়।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, বড়াইগ্রামে মোটরসাইকেল ও মাছবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাহিক ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আইড়মারি ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাহিক গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামের হাসব আলীর ছেলে।

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত শনিবার দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নে মনোরটেক এলাকায় প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হন। তারা হলেন মো. রুবেল শেখ ও জুনায়েদ মিয়া।  এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় মাধবদীর গদারচরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় একজন মোটরসাইকেলচালক কুসুম আলী নিহত হন। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার তাহেরাবাদ এলাকার মো. শহর আলীর ছেলে।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, গত শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে মাহির শাহরিয়ার নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, লোহাগড়া উপজেলার ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কে রোজিনা পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক সাব্বির গাজী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল থাকা সাথী শওকত হোসেন গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার বিকালে লোহাগড়ার আলমুন্সির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের চালক আরজ আলী ও শৈলকুপায় চলন্ত অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। গত শুক্রবার দুপুর ও বিকালে এ দুটি ঘটনা ঘটে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, গত শনিবার বিকেলে হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হন। তারা হলেন ফটিকছড়ি আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা জয় মল্লিক ও রাউজান নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দা সীমান্ত দাশ।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ নামে এক যুবক নিহত ও মোটরসাইকেলচালক আলম আহত হয়েছেন। গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর সদরের বাগাদি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে মো. জোহা নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে ও আহত হয়েছে মোটরসাইকেলের আরোহী মো. সাজ্জিল। গত রবিবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনা অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার ১১টায় উপজেলার পাংগাশিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস উল্টে ১৭ জন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। ‎রবিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।