মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাবা সালাম মোল্লাও (৪০) গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী আমেনা আক্তার (৩০) ও তাদের দেড় বছর বয়সী ছেলে আসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে আব্দুস সালাম মোল্লা, তার স্ত্রী আমেনা এবং ছোট ভাই ইউসুফ আলীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে সালাম মোল্লা তার ব্যবসার দোকানে চলে যান। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইউসুফ মোল্লা ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ভাবি আমেনা আক্তার ও ভাতিজা আসলামের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সালাম মোল্লার ওপরও হামলা চালায় ইউসুফ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলে একটি দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ মোল্লা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি। দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
এদিকে আরেক ঘটনায় মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর পুটাইল গ্রামে সজিব হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে সজিব হোসেন উত্তর পুটাইল এলাকার কৃষ্ণনগরে লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। রাত দেড়টার দিকে পূর্বশত্রুতার জেরে পুটাইল ইউনিয়নের পার্শ্ববর্তী বালিয়াবিল ও কৃষ্ণনগর এলাকার শতাধিক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন। খুলনা : নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন বেবি বেগম (৫৫), তার নাতি শামীম ব্যাপারী (১৩) ও মুস্তাকিম (৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে বাসাটির একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে খবর পেয়ে সোনাডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেবি বেগম, শামীম ও মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে। এ সময় ডিবি ও সিআইডির সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত দুই শিশুর মা ফাতেমা বেগমের দাবি, তার স্বামী রফিকুল হাওলাদার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। পেশায় ট্রাকচালক রফিকুল ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : গত শনিবার সকালে উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। নিহত জয়নাল (৩২) একই এলাকার মো. ইলিয়াছের ছেলে। স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে
কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই জাফর ছোট ভাই জয়নালকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়।
ভোলা : জমিসংক্রান্ত বিরোধের জেরে বোরহানউদ্দিন উপজেলায় মো. মাইনুদ্দিন (৩২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে। বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
পিরোজপুর : জিয়ানগর উপজেলার চ-িপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত নমিতা রানী একই গ্রামের রাধে শ্যামের স্ত্রী। ইন্দুরকানী থানার ওসি মহব্বত খান জানান, এ ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়ায় গত রবিবার সকালে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ : হরিণাকু-ু উপজেলার হরিশপুর গ্রামে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাগবিত-ার জেরে দুই পক্ষের মারামারিতে দেলোয়ার হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। গত শুক্রবার কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন হরিণাকু-ুর হরিশপুর গ্রামের খয়বার ম-লের ছেলে।
জয়পুরহাট : জমিজমাসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আক্কেলপুরের তিলেকপুরে মাছুম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাছুম হোসেন নওগাঁ সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর এলাকায় গত শনিবার রাতে দুপক্ষের সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত রাকিব হোসেন খানপুর এলাকার মো. হানিফের ছেলে। বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান বলেন, আসামি ধরার চেষ্টা চলছে। এদিকে আরেক ঘটনায় নোয়াখালী সদর উপজেলার রামবল্লভপুর এলাকায় কামাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বোয়ালমারী (ফরিদপুর) : ঈদের ছুটিতে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় গত বুধবার জমি নিয়ে বিরোধে বৃদ্ধা ফিরোজা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।