তিন জেলায় কালবৈশাখী ও বজ্রপাতে ৪ জন নিহত

কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরায় শারমিন নামে এক শিশু নিহত হয়েছে। একই সঙ্গে উপকূলে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় বজ্রপাতে শাহানারা বেগম নামে এক বিধবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি তিন সন্তানের জননী। ভোলার হাজারীগঞ্জ এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সজিব  নামের এক জেলের মৃত্যু হয়। কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে রাকিবা জান্নাত মুন্নি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন। 

সাতক্ষীরা : সাতক্ষীরার উপকূলে হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড়ে তালগাছ চাপায় শারমিন (৯) নামে এক শিশু নিহত হয়। একই ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিক্ষেতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা। অন্যদিকে উপকূলীয় গাবুরা ইউনিয়নে ঝড়ের তা-বে কয়েকটি নিম্নআয়ের পরিবারের বসতঘরের টিনের চালা উড়ে গিয়ে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ঝড়ের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন এলাকায়। কোথাও গাছ ভেঙে পড়ে প্রাণহানি, কোথাও উড়ে গেছে ঘরের টিনের চালা, আবার কোথাও কৃষকের বছরের স্বপ্ন ভেসে গেছে ঝড়ের তা-বে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে তালগাছ চাপায় শারমিন মারা যায়। নিহত শারমিন ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।

নিহতের পরিবারের বরাতে শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, বিকেলে বাড়ির পাশে খেলছিল শিশু শারমিন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত বুধবার সকালে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় বজ্রপাতে শাহানারা বেগম (৩০) নামে এক বিধবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়। তিনি তিন সন্তানের জননী। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিতে সংগ্রাম করে যাওয়া এই নারীর আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন অসহায় হয়ে পড়েছে। নিহত শাহানারা বেগম ওই গ্রামের জাকের মোল্লার মেয়ে।

ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলা উপজেলার হাজারীগঞ্জ এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সজিব (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামছল হকের ছেলে। গত মঙ্গলবার সকালে নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, একই দিন ভোলার মনপুরা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে পাঁচটি দোকান ল-ভ- হয়ে যায়। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঈদুল আজহাকে সামনে রেখে দোকানে নতুন মালামাল তোলার পর এমন দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন তারা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুসা বলেন, ‘ঝড়ে কিছু দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হয়।’

পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে রাকিবা জান্নাত মুন্নি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেক পড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুন্নি টেকপাড়া গ্রামের সাদেক হোসেনের স্ত্রী। এক বছর আগে সাদেক হোসেনের সঙ্গে বিয়ে হয় মুন্নির। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘরে পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন মুন্নি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।