আয়োজনহীন জন্মদিন

আজ ১ জুন চিরসবুজ খ্যাত নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ স্পর্শ করলেন জীবনে ৬৪তম বসন্ত।  এই গায়কের বয়স যেন আজও এক রহস্যের ধাঁধায় মোড়ানো। দেখে বোঝার উপায় নেই আজ তার ৬৩তম জন্মদিন। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দেখা যায় তার জন্ম ১৯৬৩ সালের এই দিনে। কিন্তু বিশেষ এই দিনেও নির্মল হাসির মানুষটি যেন নিরেট নির্বিকার। কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একমাত্র ছেলে নিবিড়ের আনন্দ-উল্লাস করার পরিবর্তে অনেকটা ছলছল চোখে স্তব্ধ হয়ে আছেন গত কয়েক বছর ধরেই।  এর মধ্যে বেশ কয়েকবার কুমার বিশ্বজিৎ দেশে এসেছিলেন। তবে ছেলের শারীরিক অবস্থা অনেকটা উন্নত হওয়ায় এই গায়ক একটু একটু করে আবার গানে ফিরেছেন। এরই মধ্যে কানাডায় বেশ কয়েকটি কনসার্টেও অংশ নিয়েছেন। এখন থেকে গানে আবার নিয়মিত হওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া কুমার বিশ্বজিৎ ১৯৭৭ সালে মাত্র ১৪ বছর বয়সে বেতারে গান গাওয়া শুরু করেন। পেশাগতভাবে গানে পা রাখেন ১৯৮২ সাল থেকে। ১৯৮৫ সালে আলাউদ্দিন আলীর সুর-সঙ্গীতে নূর হোসেন বলাইর ‘আমরা দুজন দুটি শান্ত ছেলে’ গানে প্রথম প্লেব্যাক করেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ চিরসবুজ গায়ককে। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

চার দশক আগের তরুণ-তরুণীর মনে কাঁপন ধরানো গান ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে...’ আজও নতুন প্রজন্মের শ্রোতাদের মনে দোলা দেয়। বিটিভিতে ‘শিউলীমালা’ অনুষ্ঠানে প্রথম প্রচারিত হয় গানটি। এরপর অডিওতে ছড়িয়ে দেওয়া সেই মন মোহনী গানের তরঙ্গ আজও সব বয়সের সঙ্গেই সমান মানানসই। সেই একই কণ্ঠের জাদুতে এখনো এ শিল্পী জয় করে চলেছেন কোটি মানুষের হৃদয়। এক গানেই রাতারাতি তারকাখ্যাতি পাওয়া বিশ্বজিতের আরেকটি শ্রোতাপ্রিয় গান ‘চতুর্দোলাতে চড়ে দেখো ঐ বধূ যায়...।’