নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী আসরে প্রদর্শিত হতে যাচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের আরটিভি থিয়েটারে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৩ দিনব্যাপী এই উৎসবে মূল প্রিমিয়ারের পাশাপাশি বাংলাদেশি নির্মাতাদের তৈরি চলচ্চিত্র প্রদর্শন ও কলাকুশলীদের পুরস্কৃত করা হবে।
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে এবং মাসুম রেজার সংলাপে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমি হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী ও শিশুশিল্পী ঊষশী। সুপার সাইক্লোন সিত্রাংয়ের সময় চাঁদপুরের দুর্গম কানুদীর চরে ধারণ করা এই ছবিতে গান গেয়েছেন বাউল শফি ম-ল, চন্দনা মজুমদার ও বেলাল খান। সংগীত পরিচালনায় ছিলেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।
নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, দেশীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রচার ও প্রসারে কেবল বাংলাদেশি নির্মাতাদের নিয়ে আয়োজিত এই উৎসবটি বিশেষ ভূমিকা রাখবে। ৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আসরে ‘নয়া মানুষ’ ছাড়াও ‘দেয়ালের দেশ’, ‘মানুষের বাগান’ এবং ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর মতো বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের মূল পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে ২ আগস্ট, যেখানে অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশ থেকে ঢাকা ছেড়েছেন তারকা কলাকুশলীরা।